লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০
আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ নারী ও ১ জন শিশু ছিল বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ৩ জন মারা গেছেন।
জানা যায়, আজ বুধবার ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। তারা সবাই হাইয়েসের যাত্রী ছিলেন।
এলাকাবাসী জানান, রিলাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে ব্রেক কষলে বাসের সামনের অংশ ঘুরে যায়।
দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
