বিএনপির সহযোদ্ধাদের প্রতি পরামর্শ, জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে সারজিস আলম বলেন, ‘যেটা হতে একসময় ১৫ বছর লাগত এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়।
তিনি আরো বলেন, ‘বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয়, আপোষহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।
এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায়-অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ… বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কি কি অন্যায়-অপকর্ম করেছে এবং দিনশেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত।
