এক কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ৬ জন
শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি কুকুর বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
