ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০, ঢাকা বিভাগে ১৫৯, বরিশালে ৬০, চট্টগ্রামে ৭৩, খুলনায় ৯৬, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৪৩, রংপুরে ১০ ও সিলেটে ২।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৫৬ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৯৭ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।
