আন্দোলনে যাওয়ায় শিক্ষার্থীর বাড়িতে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রের বাসায় হামলার মামলায় বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা পৌর-শহরের নাথপট্টী লেক নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে অংশ নেওয়া মীর রিজন মাহমুদ নিলয় নামের এক শিক্ষার্থীর বাসায় হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে বরগুনা থানায় তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলার অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, বরগুনা পৌরশহর থেকে সবুজ মোল্লাকে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর বাসায় হামলার ঘটনায় পূর্বের দায়েরকৃত একটি মামলায় সবুজ মোল্লাকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য