হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা তারেক আফজাল সবুজকে গ্রেপ্তার করেছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেস্বর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. আশরাফুল ইসলাম আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মিরপুর থানায় করা মামলাটি তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি তারেক আফজাল সবুজকে গতকাল গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য