ক্ষমা চাওয়ার আধাঘণ্টা পর আসামিকে কুপিয়ে হত্যা
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন বাজারে সাঈদুর রহমান স্বপন (৫৪) নামের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম। সাঈদুর রহমান স্বপন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একটি জানাজায় উপস্থিত হয়ে নিজের জীবনের সব ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।
স্থানীয়রা আরো জানায়, ওই জানাজা শেষে স্বপন নাশতা করার জন্য বাজারে যাচ্ছিলেন।
শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল মোবাইল ফোনে বলেন, নিহত স্বপন আওয়ামী লীগ সমর্থক ছিলেন, তবে বর্তমানে তিনি দলে সক্রিয় ছিলেন না।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
