মণিপুরে নতুন সহিংসতায় নিহত ৬
ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় শনিবার সকালে নতুন সহিংসতায় ছয়জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে জেলার নুংচাপ্পি গ্রামে হামলা চালায়। এতে ইউরেম্বাম কুলেন্দ্র সিং নামে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। অন্য পাঁচজন মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র দল ও কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, হামলার পর জিরিবাম পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এবং পুলিশের একটি দল ওই এলাকায় ছুটে যায়। কিন্তু তাদের ওপরও গুলি চালানো হয়।
ইম্ফলে পুলিশের মহাপরিদর্শক (গোয়েন্দা) কে কাবিব শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘…গতকাল কিছু কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর, চুরাচাঁদপুর সীমান্তসহ কয়েকটি প্রান্তিক এলাকায় আক্রমণ ও গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীর সম্মিলিত দলগুলো দুটি বাংকার ধ্বংস করেছে, যা পূর্বে বিদ্রোহীদের দখলে ছিল। তারপরে ময়রাংয়ে কুকি বিদ্রোহীরা দূরপাল্লার রকেট নিক্ষেপ করলে একজন প্রবীণ নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়।
তবে হামার ইনপুই শান্তি উদ্যোগকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং যারা বৈঠকে অংশ নিয়েছিল তাদের ‘অন্ধ ও স্বার্থপর প্রচেষ্টা’ বন্ধ করার জন্য সতর্ক করেছিল। হামার ইনপুই বলেছিল, এই নেতারা ‘বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিভেদমূলক ও সাম্প্রদায়িক সরকারের খেয়াল-খুশির কাছে নতিস্বীকার করছেন।’
সূত্র : এনডিটিভি
