কুশিয়ারায় ধরা পড়ল ‘৪ লাখ টাকার’ বাঘাইড় মাছ
সিলেটের সময় ডেস্ক :
মৌলভীবাজারে রানীগঞ্জ কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে বিশাল আকারের একটি বাঘাইড় মাছ।যার ওজন প্রায় ১১০ কেজি। পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজিদরে বিক্রি করা হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে বাঘ মাছটির দেখা মেলে।
জানা গেছে, বিশাল বাঘ মাছ নিয়ে বসেন ছয় মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি দরে বিক্রি শুরু করেন।
উমেদ মিয়া জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদীতে এক শিকারির কাছ থেকে মাছটি কিনেছেন। পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাঠটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা।
বিশাল এ মাছটিকে কেটে কেজি দরে বিক্রি করছেন উমেদ ও তার শরিকরা। প্রতি কেজি বাঘাইড় মাছ তারা বিক্রি করছেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। এরইমধ্যে বিক্রি হয়ে যায় ৯০ কেজি। আরও প্রায় ১০-১২ কেজির মতো বিক্রির বাকি রয়েছে।
এদিকে বিশালাকার বাঘাইড় দেখতে ভিড় জমান ক্রেতা ও উৎসুক জনতা। যারা মাছ কিনতে আগ্রহী নন, তারাও ছুটে আসছেন এক নজর বাঘাইড় মাছ দেখতে।
