একে একে মারা গেল কোরবানির জন্য রাখা খামারের ২৬ গরু
সিলেটের সময় ডেস্ক :
নেত্রকোনার পূর্বধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারের ২৬টি গরু মারা গেছে। গত দুই দিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ অ্যাগ্রো ফার্মে গরুগুলো মারা যায়। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি গরু।
জানা গেছে, পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহাযীদ অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জাহেরুল ইসলাম। এ বছর ঈদুল আজহা সামনে রেখে অর্ধশতাধিক ষাঁড় গরু প্রস্তুত করেন তিনি। খামারের পাশের খেতে ঘাস চাষ করেন তিনি। সেই ঘাস নিয়মিত খাওয়াতেন গরুকে।
জাহেরুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় নেপিয়ার কাঁচা ঘাস খাওয়ানোর পরই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সব মিলিয়ে খামারের ২৬টি মারা গরু গেছে। এতে করে খামারের প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করছেন প্রাণিসম্পদ বিভাগ। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করছে।’
