চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পরিদর্শকের ‘ভাই’ গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

ট্রাফিক পুলিশ পরিদর্শকের ভাই পরিচয় দিয়ে কুমিল্লায় চাঁদাবাজি করার অভিযোগে আবদুল হাসান চৌধুরী অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার গভীর রাতে মোগলটুলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অপুর নামে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। এতদিন তিনি জামিনে ছিলেন। চাঁদাবাজি ও হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

অভিযোগ করে ৫ নম্বর ওয়ার্ডের কয়েক বাসিন্দা জানান, অপুর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। তার সাঙ্গপাঙ্গরা খোঁজ নেন কে বাড়িঘর তৈরি করছে। পরে অপু আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়ে চাঁদাবাজি করেন। তিনি আগেও চাঁদাবাজি করে জেল খেটেছেন। তিনি চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ পরিদর্শক ভাইয়ের প্রভাব খাটান।

একই ওয়ার্ডের বাসিন্দা জাতীয় পার্টির সিনিয়র নেতা এয়ার আহমেদ সেলিমের ছেলে শাকিল আহমেদ রানা বলেন, ‘অপু ও তার সাঙ্গপাঙ্গরা ৫ নম্বর ওয়ার্ডে যারাই নতুন বাড়ি নির্মাণ কিংবা সংস্কার করেন তাদের কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদাবাজ চক্রটিও আমার সঙ্গেও একই আচরণ করে। চাঁদা দিতে না চাইলে গত ২২ মে রাত ১১টার দিকে অপু ও তার সঙ্গীরা গাড়ি থামিয়ে আমাকে আক্রমণ করে। আমাকে পিটিয়ে জখম করে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসি। এরপর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি। পুলিশ রাতে তাকে গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, ‘শুধু চাঁদাবাজিই নয়, অপু নিজেকে সার্জেন্ট পরিচয় দেন। তার থেকে বাড়ির নির্মাণ সামগ্রী কেনার জন্য চাপ দিতেন। নির্মাণ সামগ্রী না কিনলে ট্রাক আটক করে তার পুলিশ পরিদর্শক ভাইয়ের কাছে নিয়ে যেতেন। তার সঙ্গে পরিবারের আরও কয়েক সদস্য জড়িত রয়েছেন।’

এদিকে, শাকিলের ওপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টটি শেয়ার করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীন বাহার সূচনা। তিনি সেখানে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ করেন।

মেয়র সূচনা বলেন, ‘অপু একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। ‘

পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারাই এই নগরীতে চাঁদাবাজি করার চেষ্টা করবে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ’

এ বিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হক টিপু বলেন, ‘অপু আমার আপন ছোট ভাই নয়। এলাকার ছোট ভাই। আত্মীয়-স্বজনের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে আমার সঙ্গে ঝামেলা হয়েছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।’

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘অপু নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দেন এ কথা আগে শুনিনি। তার ভাই ট্রাফিক পরিদর্শক জিয়াউল কিনা এ বিষয়টিও আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য