সৌদি পৌঁছলেন প্রায় ৩৭ হাজার বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৯৩টি ফ্লাইটে তাঁরা দেশটিতে পৌঁছেন। আজ বৃহস্পতিবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৪২ জন।
এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ গত ২১ মে মো. লুৎফর রহমান নামে এক হজযাত্রী মক্কায় মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
