ভারত থেকে ট্রেনে সিরাজগঞ্জে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ
ভারত থেকে আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজের চালান সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। আমদানি করা এসব পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট জায়গায় ভোক্তাদের কাছে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
সোমবার সকালে মালবাহী ট্রেনযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছে। এরপর সকাল ৯টা থেকে শুরু হয় খালাসের কাজ।
টিসিবির অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে টিসিবি ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী প্রথম চালানের ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ সিরাজগঞ্জে পৌঁছেছে।
