বেনজীরের মেয়ের বিশ্রামের জন্য সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন, এ জন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। কালের কণ্ঠ’র অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বে থাকাকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কেনেন তিনি। সি ব্লকের ৪০৭ নম্বর প্লটে সাত কাঠা জমির ওপর নির্মিত আটতলা ভবনের পঞ্চম তলায় তাঁর কেনা ফ্ল্যাটের আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট।
অনুসন্ধানে জানা গেছে, বেনজীর আহমেদের বড় মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া (আইপিও) শেষে সম্প্রতি পুঁজিবাজারের ভ্রমণ ও আবাসন খাতে তালিকাভুক্ত হয় বেস্ট হোল্ডিংস লিমিটেড। এই বেস্ট হোল্ডিংসের অন্যতম প্রকল্প হলো বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে খ্যাত পাঁচতারা হোটেল ‘লা মেরিডিয়ান’।
তালিকাভুক্তির আগ থেকেই কম্পানিটির আর্থিক প্রতিবেদন ও প্রসপেক্টাসে তথ্যের ব্যাপক জালিয়াতির অভিযোগ থাকলেও একজনের ক্ষমতায় শেষ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কম্পানিটি। অভিযোগ রয়েছে, নামে-বেনামে এই কম্পানির বড় অঙ্কের শেয়ার ছিল বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের হাতে। তাই মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়েই পুঁজিবাজারে আসে কম্পানিটি।
অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালে বেস্ট হোল্ডিংসের দুই লাখ শেয়ার দুই মেয়ের জন্য কেনেন বেনজীর আহমেদ। ওই সময় র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
তথ্যানুসন্ধানে জানা যায়, বেস্ট হোল্ডিংসের শেয়ার কিনতে ফারহিন ব্যবহার করেছেন সার্কিট হাউসের ঠিকানা। বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসের ১৮৯ নম্বর পৃষ্ঠায় এই ঠিকানা উল্লেখ করা হয়েছে। ঠিকানার স্থলে লেখা হয়েছে : হাউস-১০, সার্কিট হাউস, শান্তিনগর, রমনা, ঢাকা। ঠিকানার পাশাপাশি উভয়ের বিও অ্যাকাউন্ট নম্বরও জানা গেছে।
বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এর মাধ্যমে ইস্যুয়ার কম্পানি তার শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বা কম্পানির মালিকানা হস্তান্তর করে। বেস্ট হোল্ডিংস লিমিটেডে ফারহিন রিসতা বিনতে বেনজীরের দেওয়া বিও অ্যাকাউন্ট নম্বর ১২০৬৩৫০০৭৫৬৮৫১৩২ এবং তাহসিন রাইসা বিনতে বেনজীরের বিও অ্যাকাউন্ট নম্বর ১২০৬৩৫০০৭৫৬৮৫২৫৮।
