বেতাগীতে কুপিয়ে যুবলীগ নেতার দু্ই পা বিচ্ছিন্নের চেষ্টা

সিলেটের সময় ডেস্ক :

 

বরগুনার বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে দুই পা কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বরগুনা জেলা ছাত্রলীগ থেকে সদ্য বহিষ্কৃত মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টায় সদর ইউনিয়নের বাকাপুল নামক স্থানে এ ঘটনা। এ ঘটনার পর এখন উত্তপ্ত বেতাগী। গুরুতর আহত অবস্থায় বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খান (৩২) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।

জসিম খান বলেন, টুটুল জরুরি কাজে তার শ্বশুরবাড়ি এলাকায় যান। সেখানে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত মো. রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকরা টুটুলের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে টুটুলের দুই পা বিচ্ছিন্ন করার চেষ্টা করে। হামলার সময় টুটুল একাই ছিলেন। আর রফিক ৮-১০ জনের দুর্বৃত্তের দল নিয়ে হামলা চালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে টুটুলকে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখনও তার জ্ঞান ছিল। ঘটনার কিছুটা বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারায় সে। প্রাথমিক চিকিৎসা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছি। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, কে বা কারা এ হামলা করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। রফিক আরো বলেন, বেশ কিছুদিন ধরে তিনি পারিবারিক কাজে এলাকার বাইরে আছেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনায় সম্পৃক্ত থাকা সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এই ঘটনা নিয়ে বেতাগীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ বিভাগের অন্যান্য