সোনারগাঁয়ে র্যাবের গুলিতে নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের গুলিতে আবুল কাশেম (৬৭) নামের একজন কুটিরশিল্পী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ব মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে র্যাব-১১ এলাকাটিতে অভিযান পরিচালনার করে বলে জানিয়েছে।
নিহতের ছেলে দ্বীন ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার সময় একই গ্রামের আমির আলীর ছেলে সেলিমকে কে বা কারা গ্রেপ্তার করে মারধর করছিলেন। এ সময় দ্বীন ইসলামের পিতা আবুল কাশেম জানতে চান, কেন তাকে মারধর করা হচ্ছে। তারা আইনের লোক পরিচয় দিলে তাদের পোশাক নেই কেন জানতে চান আবুল কাশেম। এ কথা বলতেই প্রথমে তার বাম পায়ে আঘাত করা হয়। এ সময় আবুল কাশেম চিৎকার করলে তাকে পেটে গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা গুলি করতে করতে একটি মোটরসাইকেল ফেলে রেখে এলাকা ত্যাগ করেন। এ সময় হুমায়ন কবির নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে র্যাব-১১-এর সিইও তানভীর মুহাম্মদ পাশা গণমাধ্যমকর্মীদের বলেন, গত বৃহস্পতিবার ওই এলাকায় এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে র্যাব-১১-এর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসী র্যাবের ওপর হামলা করলে আত্মরক্ষার জন্য র্যাব গুলি করে। সেখানে আবুল কাশেম গুলিবিদ্ধ হন।
