ধর্ষণে অভিযুক্ত পুলিশ সদস্য গাঁজাসহ গ্রেফতার
সিলেটের সময় ডেস্কঃ
ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. কাওসার বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামের আলম সিকদারের ছেলে।
পুলিশ জানায়, কাওছার বরিশালে কর্মরত থাকা অবস্থায় গত বছর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দীর্ঘদিন সাময়িক বরখাস্ত থাকার কারণে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমড়াঝুড়ি এলাকা থেকে শনিবার বেলা সাড়ে ১১টায় কাওছারকে গ্রেফতার করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় কাওছারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওছারকে আমরা গ্রেফতার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
