ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

সিলেটের সময় ডেস্কঃ

রাজধানীর পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী ৩১ জানুয়ারি এই মেলা শেষ হবে। এ কারণে ছুটির দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। তবে মেলায় দর্শনার্থী বাড়লেও তুলনামূলক বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলা কানায় কানায় ভরে গেছে। দুপুরের পর থেকেই বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম। স্টলগুলোতে নারীদের ভিড় ছিল বেশি। পরিবার পরিজন নিয়ে অনেকেই মেলায় এসেছেন। মেলায় যে পণ্যগুলো বেশি বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে- প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ, হোম টেক্স ও পোশাক। মেলার প্রবেশ গেটে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মেলায় প্রবেশের পরই চোখে পড়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সামনে থাকা সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ, দৃষ্টিনন্দন ফোয়ারা ও হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। সেখানে অনেকেই গল্প-আড্ডায় মেতে ওঠেছেন। আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।

এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এতে ভারত, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

আগামী ৩১ জানুয়ারি শেষ হবে আন্তর্জাতিক এই মেলা। আগামীকাল শনিবারও ছুটি থাকায় মেলায় ভিড় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে গত মঙ্গলবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) অংশ নেওয়া ব্যবসায়ীরা আরো সাত দিন মেলার কার্যক্রম বাড়ানোর দাবি জানান বাণিজ্যমন্ত্রীর কাছে।

এ বিভাগের অন্যান্য