কুমিল্লার জহির হত্যা মামলা : ভারতে পালানোর সময় গ্রেপ্তার স্বপন
কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলার অন্যতম আসামি মো. স্বপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে বুধবার (১৮ জানুয়ারি) জেলাহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। স্বপন মিয়া কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিক কান্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।
তিতাস থানা পুলিশ সুত্রে জানা যায়, তিসাসের যুবলীগ নেতা জহির ইসলাম হত্যা মামলার আসামিদের ব্যাপারে দেশের বিভিন্ন সীমান্তে জানানো হয়েছিল। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া (৩৫) নামে জহির ইসলাম হত্যা মামলার এক আসামিকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার রাতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক স্বপনকে তিতাস থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, আটক ব্যক্তি ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আখাউড়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘যুবলীগ নেতা জহির ইসলাম হত্যা মামলার তিন নম্বর আসামি স্বপনকে রাতে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হেফাজত থেকে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
