ব্রাজিলের হেরে যাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় ফুটবল বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্ব থেকে পূর্বশত্রুতার জেরে বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৫) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা। এ ঘটনার জড়িত তানভীর ও জোবায়ের নামে দুই যুবককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ছুরিকাঘাতে সোহাগ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল মজিদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
