গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সন্তানের পর মায়ের মৃত্যু
ঢাকার ধামরাইয়ের নবীনগরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধের ঘটনায় এবার জোসনা বেগম (২৫) মারা গেছেন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই জনে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। ব্যাপারটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে একই ঘটনায় দগ্ধ জোসনার মেয়ে মরিয়ম (২) রবিবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় ধামরাইয়ের নবীনগরের ইসলামপুরের কুমরাল গ্রামে ভাড়া দুই তলা বাসায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
দগ্ধদের উদ্ধারকারী প্রতিবেশী সুফিয়ান জানান, দগ্ধ মনজুরুলের স্ত্রী জোসনা বেগম সকাল বেলা রান্নার উদ্দেশ্যে রান্নাঘরে গিয়ে গ্যাসলাইট জ্বালাতেই বিষ্ফোরণ হয় ও আগুন ধরে যায়।
মনজুরুল স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টার পাড়ায়।
