চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সিলেটের সময় ডেস্কঃ

কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এতে উভয়পক্ষের তিন কর্মী আহত হয়েছেন। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় পক্ষ দুটির নেতাকর্মীদের। বিবদমান উপগ্রুপ দুটি হলো- সিক্সটি নাইন এবং ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)।

সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে বাকবিতণ্ডা হয় সিক্সটি নাইন ও ভিএক্সের কর্মীদের। পরে ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরই দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও পরে তা সংঘর্ষে গড়ায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।সংঘর্ষে দুই উপগ্রুপের তিনজন আহত হয়েছেন।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু যুগান্তরকে বলেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে এ রকম ঘটনা কাম্য নয়। আমরা তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ভিএক্স গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, প্রশাসন তাদের মতো করে সমাধানের চেষ্টা করছে। আমরাও দুই উপগ্রুপের সিনিয়ররা আলোচনা করে বিষয়টা মিমাংসার চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়েছে। ছাত্ররা তাদের নিজ নিজ হলে অবস্থান করছেন।

এ বিভাগের অন্যান্য