দিনাজপুরে নির্বাচনী সহিংসতা, সাড়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের সময় ডেস্কঃ

দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়নের নির্বাচনী পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় পৃথক দুটি মামলা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৫০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মামলা দুটি দায়ের হয়েছে।

মামলা দুটির মধ্যে ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনায় দেড় শ জনের বিরুদ্ধে এবং কানাইবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনায় চার শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি রেজাউল হাসান বলেন, ‘পৃথক দুটি হামলার ঘটনায় অজ্ঞাত প্রায় সাড়ে পাঁচ শ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের হয়েছে। ‘

মামলা সূত্রে জানা যায়, ১২ রাজারামপুর ইউনিয়নের রাত ৮টায় কোনাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা কাগজপত্র ভুল আছে দাবি করেন। এ সময় তারা ভোট কেন্দ্র ঘেরাও করে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যরা গেলে তাদের উপর ইটপাটকেল ছোঁড়েন তারা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে পুলিশ। পরে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের গাড়ি ও সরকারি মালামাল ফেরত নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে আহত হন ১০ জন।

অপরদিকে বিরল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৫ টায় ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে  ফলাফল ঘোষণা করা হয়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকরা হট্টগোল শুরু করেন। তারা ইভিএম মেশিন থেকে পাওয়া কপি দেখতে চেয়ে কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের কেন্দ্র হতে বের হতে বাধা দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ীতে সরঞ্জাম নিয়ে যাওয়ার চেষ্টা করলে সমর্থকরা ইটপাটকেল ছুড়ে গাড়ির কাঁচ ভেঙে দেন। এতে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ, পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে ৫ জন আহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, ‘হামলা ও ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্টরা প্রিজাইডিং কর্মকর্তা মামলা দায়ের করেছেন। মোট দুটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর হামলার ঘটনা ঘটেছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর হয়েছে। এ ছাড়াও প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল লতিফ (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী), পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। আমাদের নির্বাচনী সরঞ্জামদি নিরাপদ রয়েছে। ‘

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি রেজাউল হাসান বলেন, ‘পৃথক দুটি হামলার ঘটনায় অজ্ঞাত প্রায় সাড়ে পাঁচ শ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা এই মামলা দুটি দায়ের করেছেন। ‘

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন জানান, দুটি ঘটনাই নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে হয়েছে। দুটি ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা একটি কেন্দ্রের সরকারি মালামাল রক্ষা ও নিজেদের নিরাপত্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছি। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা মামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য