বকশীগঞ্জে ২ কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু
সিলেটের সময় ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে মাহি আক্তার (৩) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে একই গ্রামের আফিয়া আক্তার (৩) নামের আরেক কন্যাশিশু অটোরিকশার চাপায় মৃত্যুবরণ করেছে।
আজ মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বকশীগঞ্জের বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম জানান, উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের মনু মিয়ার কন্যাশিশু মাহি আক্তার আজ বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল।
বিজ্ঞাপন
হঠাৎ করেই সে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির উঠানে গর্তের ভেতর জমে থাকা পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে একই সময়ে ওই গ্রামের আব্দুল আজিজের কন্যাশিশু আফিয়া আক্তার বাড়ির পাশের সড়কে খেলার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নামাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিভাবকদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
