কোমল হাত-পা বাঁধা দড়িতে, ডোবায় ইমনের লাশ
সিলেটের সময় ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চারদিন পর আজ বৃহস্পতিবার অটোরিকশার শিশু চালক মো. ইমন মিয়ার (১২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইমন তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের নাসির মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ইমনের লাশ।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ইমন গত এক বছর ধরে ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গত রবিবার বিকেলে সে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। পরদিন সোমবার নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আন্দিদিল গ্রামের একটি ডোবায় লাশ ভাসতে দেখে ইমনের পরিবারকে খবর দেয়। স্বজনরা গিয়ে লাশটি ইমনের বলে সনাক্ত করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ইমনের বাবা নাসির মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
