রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২২ ডিসেম্বর

সিলেটের সময় ডেস্কঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ষষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হবে আগামী ২২ ডিসেম্বর। চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। গত বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আর‌ইউমুনা (রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরইউমুনার সভাপতি শাহরিয়ার ইমন।

আগামী ২২ ডিসেম্বর বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আরইউমুনার প্রধান উপদেষ্টা ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শাহ আজম। সমাপনী অনুষ্ঠান ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

‘বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করছে আর‌ইউমুনা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা)।

সংবাদ সম্মেলনে শাহরিয়ার ইমন জানান, বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ করে আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা এবারের ছায়া জাতিসংঘের লক্ষ্য। এতে বাংলাদেশ, ভারত, ভুটান, নাইজেরিয়া, ক্যামেরুনের শিক্ষার্থীসহ বাংলাদেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জাতিসংঘের আদলে ৮টি কমিটি নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হবে। এগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এফেয়ার্স, ইন্টারন্যশনাল প্রেস এবং জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা। ছায়া জাতিসংঘের কমিটি গুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি (শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র) পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আর‌ইউমুনা’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক ফিদা-উল-হক, সাংগঠনিক সম্পাদক মুশফিকা ফেরদৌস ও তাবারাকা বিনতে আলী।

 

এ বিভাগের অন্যান্য