মামলা করলেন যুবদল নেতার বাবা, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
সিলেটের সময় ডেস্কঃ
ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবদল নেতার বাবার করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বালার (৪০) বাবা মজিবর রহমান।
এ মামলায় প্রধান আসামি করা হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০)। মামলায় তার তিন ভাতিজাকেও আসামি করা হয়।
ছিদ্দিক মাতুব্বর ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ছোট ভাই। মামলার পর বুধবার ছিদ্দিক মাতুব্বরকে ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির উপ পরিদর্শক মো. কবির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি সদস্যদের নিয়ে চেয়ারম্যান মান্নান মাতুব্বর জরুরি মতবিনিময়সভা করেন। সভাটি হয় ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিডব্লিউ কার্ড (শিশু কার্ড) ও রেশন কার্ডসহ বিভিন্ন বিষয়ে। সভায় উপস্থিত চেয়ারম্যানের ভাই সিদ্দিক মাতুব্বর ও চেয়ারম্যানের ছেলে মাসুদ মাতুব্বর তার বাবার নিকট প্রস্তাব করেন প্রতিটি শিশু কার্ডধারীদের নিকট থেকে নগদ অর্থ দুই হাজার নেওয়া এবং রেশন কার্ডধারীদের ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি চাল দেওয়ার। এ প্রস্তাবের বিরোধিতা করায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য যুবদল নেতা সৈয়দ বালা মিয়ার সাথে বাকবিতণ্ডায় জড়ান সিদ্দিক মাতুব্বর। হইহোল্লা শুনে সিদ্দিক মাতুব্বরের ভাতিজা শাহিন মাতুব্বর, শিমুল মাতুব্বর ঘটনাস্থলে এসে এক পর্যায়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন ইউপি সদস্য বালাকে। এ ঘটনায় আহত ইউপি সদস্য সৈয়দ বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত সোমবার রাতে এ ব্যাপারে সৈয়দ বালার বাবা মজিবর রহমান থানায় লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি থানায় নথিভুক্ত করে পুলিশ।
বুধবার বিকেলে থানা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি ছিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
