খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

সিলেটের সময় ডেস্কঃ

খুলনায় ট্রেনের ধাক্কায় আযম খান সরকারি কর্মাস কলেজের বিবিএ (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ (২০) নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে খানজাহান আলী থানার শিরোমণি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।   নিহত আজিজ যশোরের গদখালী এলাকার নিত্যানন্দকাঠি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

তিনি মোবাইল ফোনে বার বার কথা বলছিলেন এবং তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বেলা পৌনে ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটর ট্রেন এলে তিনি লাইনের কাছাকাছি চলে যান। এ সময় স্থানীয়রা চিৎকার করেও তাকে সরাতে পারেননি। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে থানার এএসআই ভবেশ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ট্রেনের ধাক্কায় তার হাত-পাসহ বিভিন্ন অঙ্গ ভেঙ্গে গেছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘

এ বিভাগের অন্যান্য