বগুড়ায় সড়কে ঝরল ৪ প্রাণ
সিলেটের সময় ডেস্ক :
বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম লুৎফর রহমান। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
