কুড়িগ্রামে ভাসমান ক্যাম্প, চিকিৎসা ও খাবার পেলেন শতাধিক মানুষ

সিলেটের সময় ডেস্ক :

 

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে নটরডেমিয়ান্স ফাউন্ডেশন ও রিজুভা ওয়েলনেস। চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে আয়োজিত ভাসমান চিকিৎসা ক্যাম্পে চিকিৎসকরা ব্যথা, হৃদরোগ, পেটের পীড়া, চর্মরোগ, মেডিসিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত কয়েক শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ, চিকিৎসা উপকরণ, স্যানিটারি সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পেয়ে চরের অবহেলিত মানুষগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরবাসীরা জানান, তারা প্রতিনিয়ত নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগের সঙ্গে বসবাস করছেন। এসব প্রতিকূলতার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়ান, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর এবং স্থানীয় সংগঠক সাইফুল ইসলামসহ অনেকে।

আয়োজকরা জানান, আজ শুক্রবার চিলমারীর চর অষ্টমীতে এ কার্যক্রম আবারও পরিচালনা করা হবে।

এ বিভাগের অন্যান্য