উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জুবায়ের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

গতকাল বুধবার রাতে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের মেইন ব্লক-সি, এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জুবায়েরকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে অভিযান চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য