ইয়াবা কারবারে আরো সক্রিয় রোহিঙ্গারা
সিলেটের সময় ডেস্ক :
কক্সবাজারে ২০টি রুটে ইয়াবাসহ বিভিন্ন মাদক আনা হচ্ছে। তাতে জড়িত রয়েছে কমপক্ষে ২৫টি চক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা পাচারে আরো তৎপর হয়েছে রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের বিপুলসংখ্যক রোহিঙ্গা ইয়াবা পাচার, বহন ও সরাসরি কারবারে জড়িত। ক্যাম্পগুলো ইয়াবার একেকটি গুদাম।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মান্নান বলেন, দেশে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকারও বেশি মাদক প্রবেশ করে। এর মধ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকার মাদক কক্সবাজার অঞ্চল দিয়ে দেশে আসে, যার বড় অংশই ইয়াবা।
২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে টেকনাফে ৫৭৫ জন ইয়াবা কারবারির তথ্য উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণে আবদুর রহমান বদির প্রভাবের কথাও উল্লেখ ছিল।
এদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের একটি সীমান্ত এলাকা নিয়েও নতুন করে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সেখানে কয়েকজন পুরনো কারবারি ইয়াবা পাচারে যুক্ত রয়েছেন। পালংখালীর আঞ্জুমানপাড়াটি হচ্ছে নাফ নদের পারের সবচেয়ে বড় ইয়াবা পাচারের পয়েন্ট। পয়েন্টটি নিয়ন্ত্রণ করছেন একজন প্রভাবশালী নেতা। সঙ্গে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সমর্থক। সোনা মিয়া নামের আরেক কারবারি কয়েক শ শ্রমিক নিয়ে নাফ নদের আঞ্জুমান ঘাট দিয়ে ওপারে নিত্যপণ্য পাচার করে বিনিময়ে ইয়াবা পাচারে জড়িত রয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক পাচারের মামলাসহ সার পাচারেরও মামলা রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার পুলিশ এবং বিজিবি-৬৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম। টেকনাফ সীমান্তেও পতিত আওয়ামী লীগ সরকারের সময় সক্রিয় থাকা কারবারিরা এখনো ইয়াবা পাচারে জড়িত রয়েছেন। সাবেক এমপি বদির ভাগ্নে কিং সালমানও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি স্থানীয় একজন জামায়াত নেতার ছত্রছায়ায় রয়েছেন। শামশুল আলম নামের একজন কারবার চালিয়ে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকার আমলের ইয়াবা কারবারির হয়ে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের এমপি এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এসব বিষয়ে বলেছেন, ‘ইয়াবা পাচারের বিষয়টি নিয়ে আমাদের সরকার অত্যন্ত সজাগ রয়েছে। যদি আমাদের দলীয় কোনো নেতাকর্মী এই কাজে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিজিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কক্সবাজারের সীমান্ত দিয়ে ঢুকে পড়া এক কোটি ৪৩ লাখ ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসে এক কোটি পাঁচ লাখ ৬০ হাজার ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে।
