ভাইরাল ভিডিও নিয়ে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগে এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। শনিবার (২৬ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় তিনি জিডি করেন।
বিউটি রানী পাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
জিডিতে বিউটি রানী পাল উল্লেখ করেন, ‘একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার গান পরিবেশনের ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।’
তার অভিযোগ, ‘আসিফ ইকবাল ইরন’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার নামে বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, ‘ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ প্রাসঙ্গিক তথ্য ছাড়া প্রচার করে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। বিকৃতভাবে উপস্থাপিত ওই ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি।
তিনি বলেন, ‘লিখিত অভিযোগে কয়েকটি ফেসবুক আইডি থেকে প্রধান শিক্ষিকাকে অপমানজনক ও সম্মানহানিকরভাবে উপস্থাপনের অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
