বিজয়ের শেষ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-তে উপস্থিত থাকছেন তৃষা

বিনোদন ডেস্ক ঃ

 

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’ মুক্তি ঘিরে দুনিয়াজুড়ে ভক্তদের মাঝে উন্মাদনা এখন চরমে। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবিটির প্রথম দিনের প্রথম শো (এফডিএফএস) দেখতে তিনি নিজেই চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত থাকছেন বলে জানা গেছে। সকাল ৯টার শোতে তার প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার কথা রয়েছে।

২০০৪ সালে সুপারহিট ছবি ‘গিলি’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বিজয় ও তৃষা। পরবর্তীতে ‘তিরুপাচি’, ‘আদি’ ও ‘কুরুভি’র মতো ব্যবসাসফল ছবিতে এই জুটিকে দেখা যায়। দীর্ঘ ১৫ বছর পর ২০২৩ সালে ‘লিও’ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তারা। বিজয়ের সর্বশেষ ‘গোট’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে উপস্থিতি ছিল তৃষার। ফলে বিজয়ের এই বিদায়ী মাইলফলক চলচ্চিত্রে তৃষার সরাসরি অংশগ্রহণ অনুরাগী মহলে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

বিশ্বজুড়ে ৩০টিরও বেশি দেশে ৭ হাজার থেকে ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকসহ প্রতিবেশী রাজ্যগুলোতেও তাণ্ডব চালাচ্ছেন বিজয়ের ভক্তরা। সেখানে অনেক জায়গায় ভোর ৬টা থেকেই অগ্রিম টিকিটের হিড়িক পড়ে যায়। শুধু তাই নয়, নতুন করে রি-সার্টিফাইড হওয়া ৩ ঘণ্টা ৩ মিনিট ৫২ সেকেন্ডের এই ছবিতে এবার বিজয়ের বিখ্যাত টাইটেল কার্ড ‘থালাপতি বিজয়’-এর বদলে ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়’ লেখা থাকছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অভিনেতার ক্যারিয়ারের শেষ ছবি হিসেবে ‘জন নায়কন’ বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য অর্জনের সমস্ত সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে। বিজয়ের পূর্ববর্তী ব্লকবাস্টার ‘লিও’ (৬০৬ কোটি রুপি) কিংবা ‘গোট’ (৪৫৮ কোটি রুপি)-এর সর্বকালের সেরা আয়ের রেকর্ডকে এই ছবি পেছনে ফেলতে পারবে কি না, তা নিয়ে এখন তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য