গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ জন যাত্রী ও নাবিক বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এখনো বহু যাত্রী নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

শনিবার স্থানীয় সময় রাজধানী জর্জটাউন থেকে ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন।

স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে (রবিবার ০৩:০১ জিএমটি) জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল জানান, ফেরিতে থাকা প্রত্যেকের খোঁজ পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী এবং উদ্ধারকর্মীরা রবিবারও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেনও রয়েছেন।

তিনি বলেন, ক্যাপ্টেন উদ্ধার অভিযানে সহায়তা করতে আবার ঘটনাস্থলে ফিরে গেছেন এবং অনুসন্ধান কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

 

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ওজনসীমার মধ্যেই ছিল। ফেরিটির ধারণক্ষমতার ৩০০ জনেরও বেশি যাত্রী বহনের জন্য অনুমোদিত ছিল।

উদ্ধার অভিযান ও চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ার পর ফেরিতে থাকা যাত্রীদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তি ও নিখোঁজ যাত্রীদের স্বজনদের সহায়তার জন্য বিশেষ সহায়তাকেন্দ্র চালু করা হয়েছে।

ফেরিটি জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে রওনা হয়েছিল এবং আয়রন পন্ট এলাকার কাছে উল্টে যায়।

দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমভি বারিমা ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার (১৩১ ফুট) দৈর্ঘ্যের এই ফেরিটি বহু বছর ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য