গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা কমর উদ্দিনের ছেলে। তিনি সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, রাতে মিনহাজ উদ্দিন সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় লাখাট স্টেশনের কাছাকাছি এলাকায় অবস্থানরত খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পশ্চিম জাফলং ইউনিয়নের সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, মিনহাজ উদ্দিন ভারতের সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে চুরি কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে যাওয়ার সময় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য