সুনামগঞ্জে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ : দেবর গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার (৮ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হাবিব (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে। তিনি ভুক্তভোগীর স্বামীর খালাতো ভাই।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন শেখেরগাঁও এলাকার বাসিন্দা। ১ নম্বর বিবাদী মো. হাবিব একই এলাকার বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ভিকটিম তার শাশুড়ির সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় তার স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে ১ নম্বর বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকাডাকি করে। ভিকটিম দরজা খুললে ১ নম্বর বিবাদী তার মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে ঘরে নিয়ে যায়। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অন্যান্য বিবাদীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয় বলে অভিযোগ রয়েছে।
পরে রাত আনুমানিক ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ শুনে ঘর থেকে বের হলে বিবাদীরা তাকে দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তিনি ভিকটিমের ঘরে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পলাতক আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
