পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

আজ শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি গভীর খাদে পড়ে যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বরাতে প্রতিবেদনে বলা হয়, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও এতে উঠে পড়েন।

অন্যদিকে খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বিবৃতিতে বলা হয়েছে, আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক্স পোস্টে বলা হয়েছে, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য