কাভার্ডভ্যানের চাপায় নিহত ২, আহত ৩
সিলেটের সময় ডেস্ক :
মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যানের চাপায় বিথি আক্তার নীলপরি ও আয়শা নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিথি আক্তার নীলপরি (৩৫) দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী ও আয়শা (৮) হারুন মাদবরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড এলাকার নিজ বাড়ি থেকে ব্যাটারীচালিত ভ্যানে করে বিথি আক্তার তার দেবরের মেয়ে আয়শাসহ (৮) কয়েকজন পার্শ্ববর্তী কুতুবপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার ও আয়শা মারা যান। এ সময় আরওতিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ আসিফ বলেন, ‘আমাদের এখানে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
