রাজধানীতে হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেনের লাইনে লিকেজের’ কারণে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে ‘শ্যামলী বেবি কেয়ার’ নামের হাসপাতালে এ ঘটনা ঘটে।
লিকেজের ঘটনার পরে হাসপাতালটিতে ভর্তি থাকা পাঁচটি শিশুকে ওপরতলার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় হাম পরবর্তী জটিলতা আক্রান্ত চার মাস বয়সি ওই শিশুর মৃত্যু হয়।
শ্যামলীতে মিরপুর সড়কের পাশে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের একটি ২০তলা ভবনের সপ্তম তলার অর্ধেক অংশে শিশুদের এ বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
মারা যাওয়া শিশুটির বাবা ফারুক এ নিয়ে আইনগত কোনো পদক্ষেপ নিতে চান না। সন্তানের মরদেহ নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে ফিরে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন তিনি।
এদিকে হাসপাতালটির চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যে সময় কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়।
তবে শিশু মৃত্যুর সঙ্গে অক্সিজেন লিকেজের ঘটনার বিষয়টিকে কাকতালীয় বলে দাবি করেন এ চিকিৎসক।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, ‘রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।’
