মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকদের

খেলাধুলা ডেস্ক ঃ

 

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন- এমন গুজব ছড়ায় দেশটির সংবাদমাধ্যম ‘লুজু টিভি’। এর ফলে ওই জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেলের পুরো টিমকে চাকরি খোয়াতে হয়েছে।

গতকাল বৃহস্পতিবার লুজু টিভির ‘এল শো দেল বেরানো’ নামক শো চলছিল। এর উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পিনিয়া হঠাৎ অনুষ্ঠান থামিয়ে দেন। গম্ভীর মুখে েতিনি দর্শকদের জানান, মেসির বাবা একটু আগেই মারা গেছেন!বাবার শেষকৃত্যে যোগ দিতে মেসি নাকি এখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসবেন।

পরে মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’

এতে আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্সে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়—এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরে মেসির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেনসিয়া পিনিয়া। যদিও তার ও ওই অনুষ্ঠানের সব সদস্যকে বরখাস্ত করেছে চ্যানেলটি।

এ বিভাগের অন্যান্য