সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের কোতোয়ালী থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক বিকেল ৪টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন সার্কিট হাউজের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কাজিরবাজার মোগলটুলা এলাকায় একটি অনলাইন জুয়া চক্র সক্রিয় রয়েছে। তথ্য পাওয়ার পরপরই বিকেল ৪টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন এবং ৬টি হিসাব সংক্রান্ত টালি খাতা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
১) জীবন আহমদ (৩২), পিতা: মৃত আলতাফ হোসেন, পশ্চিম কাজিরবাজার, মোগলটুলা, কোতোয়ালী, সিলেট
২) সুমন মিয়া (২৭), পিতা: মৃত তাজুল ইসলাম, পশ্চিম কাজিরবাজার, কোতোয়ালী, সিলেট
৩) মো. জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), পিতা: মৃত আশরাফুল মিয়া, কাওকান্দি, তাহিরপুর, সুনামগঞ্জ
৪) মো. সানি (২২), পিতা: মো. শাহীন, পশ্চিম কাজিরবাজার, কোতোয়ালী, সিলেট
৫) ইমন খান বাদল (২২), পিতা: মো. মুক্তার খান, পশ্চিম কাজিরবাজার, কোতোয়ালী, সিলেট
৬) মো. আজিজুর রহমান (৪৪), পিতা: মো. আব্দুর শহিদ, মল্লিকপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ
৭) মো. নমিরুল ইসলাম (৪২), পিতা: মৃত রশিদ আলী, নতুন পৈন্দা, সুনামগঞ্জ সদর
৮) মধু দেবনাথ (৫৫), পিতা: মৃত মনমোহন দেবনাথ, সদরখলা, দক্ষিণ সুরমা, সিলেট
৯) মো. মমিনুল (৪৫), পিতা: আব্দুল জব্বার, গোবরাকুড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপসের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালনা করত। তারা ১০ টাকার বিনিময়ে ৮০০ টাকা জেতার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে এই চক্রে যুক্ত করত এবং পরবর্তীতে কমিশনভিত্তিক আয় করত।

র‌্যাব আরও জানায়, অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামত পর্যালোচনা করে অনলাইন জুয়া সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গেছে, যা চক্রটির কার্যক্রম প্রমাণ করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের এবং জব্দকৃত আলামত কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অনলাইন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য