ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক ( ৫৫)।

আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এ সময় আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য