চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে সালিসে সংঘর্ষ, নিহত ১

সিলেটের সময় ডেস্ক :

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য আয়োজিত গ্রাম্য সালিসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে

নিহত ইব্রাহিম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার একটি গ্রাম্য সালিসের আয়োজন করা হয়।

সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য