মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রফিক ময়মনসিংহ সদরের নুর আলমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিস কর্মী মোস্তফা কামাল বলেন, সকাল ৬টার দিকে মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই বাসের চালকের সহকারী মোহাম্মদ রফিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
