স্বামীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যম্বুলেন্স চালকের

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা থেকে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৫২) ও অ্যাম্বুলেন্স চালক আকবর আলী (২৭) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বুধবার (৩ জুন) সকালে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদরের মাহিদিয়া এলাকায়। অ্যাম্বুলেন্স চালক আকবর আলীর বাড়ি লক্ষীপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে মারা যান পুলিশে কর্মরত উপ-পরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ইসমাইল হোসেনের লাশ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। এ সময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালকসহ মোট ৬ জন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালকেরও মৃত্যু হয়। বাকি আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন৷

নড়াইল সদর থানার ওসি আজয় কুমার কুন্ডু বলেন, ইসমাইল হোসেনসহ দুর্ঘটনায় মৃত দুইজনের লাশ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য