তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।
এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
