অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী
সিলেটের সময় ডেস্ক :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না, বিদেশেও হয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কি না সেটা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল। কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে গিয়ে পৌঁছায়নি।’
কুরবানির বর্জ্য পরিষ্কারে দুই সিটি কর্পোরেশনের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, ‘দারুণভাবে কাজ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে, যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছে। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে সরকার সবকিছুই খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুতগতিতে সেখানে কাজ করছে।’
রিজভী বলেন, ‘রামিসাকে নিপীড়নের পর হত্যার ঘটনা জানেন। কীভাবে প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং অতি দ্রুত আদালত সেটি করবে নিশ্চিত করবেন।’
বিরোধীদলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটি আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। ভালোভাবে নেবে না।’ এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান রিজভী।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার বেলা ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলটির রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবে।
