বগুড়ায় তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিলেটের সময় ডেস্ক :
বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার শুভগাছা ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন আবু রায়হান (১৮)। তিনি শেরপুর পৌর এলাকার উলিপুরপাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়ন করতেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা সবাই পরস্পরের বন্ধু বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রঞ্জু মিয়ার জানান, ঈদের কারণে সড়কে যানবাহনের চাপ কম থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। এ সময় ধুনট থেকে শেরপুরমুখী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
