গাজার ৭০ শতাংশ দখলে নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, গাজা উপত্যকার ৭০ শতাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ‘হামাসের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর অংশ হিসেবে গাজায় ইসরায়েলের উপস্থিতি আরও বিস্তৃত করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে এসেছে, যা আগে ছিল ৫০ শতাংশ। এখন পরবর্তী ধাপে ৭০ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
নেতানিয়াহুর এই বক্তব্যের সময় সম্মেলনস্থলে উপস্থিত কিছু ব্যক্তি পুরো গাজা উপত্যকা দখলের পক্ষে স্লোগান দেন।
তবে এর আগে, গত এপ্রিলের শেষ দিকে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে পাঠানো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মানচিত্রে দেখা যায়, গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইতোমধ্যেই সামরিক নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার সীমিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে আরও সংকুচিত অবস্থায় আশ্রয় নিতে হতে পারে।
অন্যদিকে, ২০২৫ সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার কথা উল্লেখ ছিল। এই সীমারেখা গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত।
তবে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সেই সীমারেখায় পরিবর্তন এনে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, গাজার ভেতরে নতুন বাস্তবতা তৈরি এবং দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা উত্তেজনা কমানোর সম্ভাবনাকে আরও দুর্বল করে দিতে পারে।
